২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইছামতির বেড়িবাঁধ দু'দিনেও মেরামত হয়নি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইছামতি নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ দু'দিনেও মেরামত করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

সাতক্ষীরা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইছামতি নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ দু'দিনেও মেরামত করা যায়নি। এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছু অংশ বাঁধার চেষ্টা করে। কিন্তু শনিবার জোয়ারের পানি আবার তা ভেঙে নিয়ে যায়। এরইমধ্যে বাঁধের দুইশ' ফুট ভেঙে নতুন আরেকটি এলাকা প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিকভাবে সুশীলগাতি এলাকায় ভাঙনে উপজেলার চারটি গ্রাম প্লাবিত হয়। এরপর ওইরাতে এবং শুক্রবার দুপুরে আবার জোয়ারের পানি ঢোকে। দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা জানিয়েছেন, বাঁধ ভেঙে এর আগে সুশীলগাতি, শিবনগর, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরসহ চারটি গ্রামে পানি ঢোকে। শনিবার দুপুরে নতুন করে প্লাবিত হয় সুশীলগাতি গ্রামের খাঁ পাড়া। পানিতে শিবনগর ও সুশীলগাতি গ্রামের কয়েকটি মাটির ঘর ধসে গেছে। দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গত দুইদিনে তিনবার রিংবাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু জোয়ারে তা আবারও ভেঙে গেছে। তিনি অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা শুধু দিক নির্দেশনা দিচ্ছেন। কোনো বরাদ্দ দেননি। সাতক্ষীরা পাউবো নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান জানান, বেড়িবাঁধ ছিদ্র করে চিংড়ি চাষের জন্য পানি আনানেওয়া করায় বাঁধে ভাঙন ধরেছে। তিনি বলেন, তহবিল প্রস্তুত না থাকায় স্থানীয় চেয়ারম্যানকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কাজ করতে বলা হয়েছে। বরাদ্দ এলে কাজের জন্য টাকা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.