চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নির্মাণাধীন দুটি বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ চুরির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ যন্ত্রাংশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাবিবুর রহমান (২২), বেলাল হোসেন বাপ্পী (২৫), ফারুক হোসেন (২৫) ও মো. আলী (২৯)।
বন্দর থানা পুলিশের একটি দল নগরীর নিমতলী, পাহাড়তলী বিভাগীয় স্টেডিয়াম এবং সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিদ্যুৎকেন্দ্রের ইঞ্জিনের যন্ত্রাংশ, নাটবল্টু, কব্জা, ট্রান্সমিটার, জেনারেটরসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।
এসব যন্ত্রপাতি দোহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট এবং হাটহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চীন থেকে আমদানি করা হয়েছিলো বলে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ ইবনে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, আমদানিকৃত এসব যন্ত্রপাতির একটি চালান বুধবার রাতে চট্টগ্রাম বন্দর থেকে ট্রাকে করে দোহাজারী ও হাটহাজারী নিয়ে যাওয়ার পথে বেশকিছু মালামাল চুরি যায়।
ওই ঘটনায় এসব পণ্যের সিএন্ডএফ এজেন্ট 'ন্যাশনাল এজেন্সির' মালিক গিয়াস উদ্দিন বেণু বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এর ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সীতাকুণ্ড ও নিমতলী এলাকার দুটি গুদাম এবং পাহাড়তলী বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন একটি নালা থেকে চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
ন্যাশনাল এজেন্সির মালিক গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগেও প্ল্যান্ট দুটির যন্ত্রাংশ বন্দর থেকে নিয়ে যাওয়ার পথে চুরির ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/২১২৪ ঘ.
bdnews24