ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দেখিয়ে চাকরি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৩ শিক্ষানবিশ কনস্টেবলের মধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। বাকি ১৯ জনকে পাঠানো হয়েছে কারাগারে।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকার গেন্ডারিয়া থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করে আট জনকে পাঁচ দিনের হেফাজন চান ওই থানার উপপরিদর্শক সারোয়ার জাহান। এ সময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে হাকিম জামিনের আবেদন নাকচ করে চারজনের হেফাজত মঞ্জুর করেন। এর হলেন- রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, রনি মিয়া ও ফিরোজ মিয়া।
উপপরিদর্শক সারোয়ার জাহান জানান, গ্রেপ্তার হওয়া ওই ২৩ জন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে ভুয়া সনদ দাখিল করে গত জানুয়ারি মাসে ঢাকার গেন্ডারিয়ার মিলব্যারাকে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পান। নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে তাদের ছয় মাসের প্রশিক্ষণ শুরু হয় গত ৫ ফেব্র"য়ারি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওই শিক্ষানবিশ কনস্টেবলের স্থায়ী ঠিকানা ও সনদ যাচাই করে দেখতে পায়, তাদের জমা দেওয়া মুক্তিযোদ্ধা সনদ ভুয়া।
এ ঘটনায় ৭ জুলাই গেন্ডারিয়া থানায় ওই ২৩ কনস্টেবলের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেন ঢাকা জেলার রির্জাভ অফিসার (আরও-১) জাকির রাব্বানি। ওই মামলার প্রেক্ষিতেই বাদের গ্রেপ্তার করা হয় বলে সারোয়ার জাহান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এএল/জেকে/১৮১১ ঘ.
bdnews24