বরগুনা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলার অপহরণ করা ১২ জেলেকে মুক্তি দিয়েছে জলদস্যুরা।
বুধবার দুপুরে তারা পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছেন।
ফিরে আসা জেলেরা বলেন, তাদের প্রত্যেককে মুক্তিপণ বাবদ জলদস্যুদের ৫০ হাজার টাকা করে দিতে হবে। নইলে পরবর্তীতে আবার হামলা করবে বলে হুমকি দেয় তারা।
অপহরণের পর তাদের সুন্দরবনের গহীনে নিয়ে একটি ট্রলারের ভেতর হাত-পা ও চোখ বেঁধে রাখা হয়েছিল। একটি ট্রলারে তারা ১৮ জন জেলে ছিলেন। ১২ জনকে মুক্তি দিয়েছে। বাকিরা এখনো আটক রয়েছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতি সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ফিরে আসা জেলেরা তার সঙ্গে দেখা করেছেন। তিনি ফিরে আসা জেলেদের মধ্যে ৭ জনের নাম বলতে পেরেছেন।
এরা হলেন আবদুল আলিম, নুরে আলম, হারুন মাঝি, মোশারেফ মাঝি, ছগির মাঝি, লাল মিয়া খাঁ ও মিজান সরদার। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলায়।
লাল মিয়া খাঁ জানান, জলদস্যুরা তাদের শর্ত দিয়েছে, এবারের মাছ ধরা মৌসুমেই তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দিতে হবে। নইলে তাদের মেরে ফেলবে।
জেলা ট্রলার শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, গত ১০ জুলাই কয়েকটি বাহিনী একত্রিত হয়ে ৩২টি মাছধরা ট্রলারে ডাকাতি করে এবং ৪৭ জেলেকে অপহরণ করে। যাদের মধ্যে মাত্র ১২ জনকে মুক্তি দেওয়া হলো।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লে. হারুন অর রশিদ ১২ জেলের মুক্তির কথা স্বীকার করে জানান, ডাকাতির খবর শোনার পর থেকেই অপহৃত জেলেদের মুক্ত করতে সিজিএম নোয়াখালী নামের একটি জাহাজ নিয়ে তারা অভিযান চালাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৪ ঘ.
bdnews24