ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালিত হয়েছে বুধবার।
নিহতদের আত্মার মাগফেরাত কামনায় শিক্ষক-শিক্ষার্থীরা দোয়া, প্রার্থনা, শোক মিছিল ও এক মিনিট নিরবতা পালন করেন। স্কুল-কলেজগুলোতে কালো পতাকা তোলা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে সোমবার একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে ৪৩ শিক্ষার্থীসহ ৪৪ জনের মৃত্যু হয়। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা।
মর্মান্তিক এ দুর্ঘটনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার শোক পালনের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
রাজধানীর হলিক্রস কলেজের অধ্যক্ষ শিখা গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সকাল সাড়ে ১০টায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে প্রার্থনায় অংশ নেন। এছাড়া নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
তিনি বলেন, জাতীয় পতাকার পাশাপাশি কলেজে শোকের কালো পতাকা উত্তোলন করা হয়।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবু প্রধান জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৭টায় শিক্ষক-শিক্ষার্থীরা এক মিনিট নিরবতা পালন করে।
এরপর মিলাদ ও দোয়া হয়। স্কুলে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করেছেন।
রাজধানীর নটরডেম কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও কলেজসহ প্রায় সব প্রতিষ্ঠানেই শোক কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে, কালো পতাকা উত্তোলন করে। ক্লাশ শুরুর আগে তারা নিহত স্কুল শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে।
দুপুর ১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে কদম মোবারক স্কুলের শিক্ষার্থীরা। এতে শিক্ষকরাও অংশ নেন। পরে তারা একটি শোক মিছিল বের করে। শিশু-কিশোর সংগঠন খেলাঘর, চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকেও বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে এক শোক মিছিল বের করা হয়।
চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আজিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শিক্ষক-শিক্ষার্থীরা এক মিনিট নিরবতা পালন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চুয়েট, চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিলেট প্রতিনিধি জানান, নগরীর ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, এইডেড হাই স্কুল, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পুলিশলাইন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শোক পালন হয়েছে।
শোকে মূহ্যমান মিরসরাই
মিরসরাই উপজেলার খৈয়াছড়ি, মায়ানি, মগাদিয়া ও শায়রখালী ইউনিয়নে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারগুলোতে শোক ও কান্না থামছে না। স্বজনদের বিলাপে এখনও ভারি ওই এলাকার পরিবেশ।
স্থানীয়ভাবে তিনদিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিনেও মিরসরাই উপজেলার কোনো বিদ্যালয়ে ক্লাস হয়নি। আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় শোক সভার। মিরসরাই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং জন প্রতিনিধিরা এতে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ কুতুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাজ ধারণ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া তিন বিদ্যালয়ে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএম/আরএ/১৯১৪ ঘ.
bdnews24