বরিশাল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝালকাঠি-বরিশাল সড়কে আমিরাবাদ এলাকায় গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টা থেকে আধঘণ্টার এই মানবন্ধনে ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশ নেয়।
গত ৫ জুলাই আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী বাস চাপায় নিহত হলে স্থানীয়রা গতিরোধক নির্মাণের দাবি করেছিলো।
তখন স্থানীয় প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও গতিরোধক নির্মাণ করা হয়নি বলে স্থানীয়রা জানান।
মো. সেলিম নামের এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গতিরোধক নির্মাণ না করলে আবার মানবন্ধন করা হবে। তারপর করা হবে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ।
আমিরাবাদ সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, মহাসড়কের পাশে একটি প্রাথমিক, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। বিগত কয়েক বছরে বেশ কয়েকজন শিক্ষার্থী বাস চাপা নিহত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানববন্ধনের খবর পেয়েছি। গতিরোধক নির্মাণের জন্য সড়ক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24