২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই দুর্ঘটনা: তদন্ত কমিটির জন্য তদারক দল

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত কমিটির কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চার সদস্যের একটি তদারক দল (মনিটরিং টিম) পাঠিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত কমিটির কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চার সদস্যের একটি তদারক দল (মনিটরিং টিম) পাঠিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। বুধবার সকালে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের নির্দেশে বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমানকে প্রধান করে এই তদারক দল গঠন করা হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদারক দলের সদস্যরা সকাল ১১টার পর মিরসরাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। তদারক দলের অন্য সদস্যরা হলেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন, যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিন এবং সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। গত ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে একটি মিনিট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে ৪৩ শিক্ষার্থীসহ অন্তত ৪৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে যোগাযোগ মন্ত্রণালয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া স্কুলছাত্ররা জানায়, ট্রাক চালানোর সময় চালক মফিজ উদ্দিন (৪৫) মোবাইল ফোনে কথা বলছিলেন। তাদের এই বক্তব্য বিভিন্ন পত্রিকাতেও প্রকাশিত হয়। চালকের বিরুদ্ধে এই অভিযোগ এবং তার বৈধ লাইসেন্স আছে কি না- তা যাচাই করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও আলোচনা করবে তদারক দল। দুর্ঘটনার পর থেকে মফিজ উদ্দিন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/জেকে/১৭০২ ঘ.