ফরিদপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন একজন।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাহিরদিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক একঘণ্টা অবরোধ করে ওইস্থানে গতিরোধক নির্মাণের দাবি জানায়।
নিহতরা হলেন বাহিরদিয়া গ্রামের খলিলুর রহমান (৭৫), তার ছেলে শহীদুল ইসলাম (৪৫) এবং ইজিবাইক চালক মজিবর রহমান (৫০)।
আহত মানোয়ার হোসেনকে (৫০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) হানিক মিয়া জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় বিকাল ৪টায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক একঘণ্টা অবরোধ করে ওইস্থানে গতিরোধক নির্মাণের দাবি জানায়।
পরে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২০৮ ঘ.
bdnews24