২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে'

রাজনীতি থেকে ধর্মকে 'দূরে না রাখার' সুযোগ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ দলটির মতে, রাজনীতিও এবাদত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতি থেকে ধর্মকে 'দূরে না রাখার' সুযোগ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ দলটির মতে, রাজনীতিও এবাদত। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ আলী বলেন, নামাজ-রোজা যেমন এবাদত, রাজনীতিও এবাদত। কিন্তু রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে নিবন্ধনের শর্তে ধর্ম, লিঙ্গ ভেদে কথাগুলো বাদ দেওয়া উচিত। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানান, সংবিধানের সঙ্গে সমন্বয় রেখে এ বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য হবে না বলেও মত দেয় দলটি। গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রের উদ্দেশ্যগুলো সংবিধানের পরিপন্থি হতে পারবে না। এছাড়া ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও লিঙ্গ ভেদে কোনো বৈষম্য থাকতে পারবে না। সংলাপে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মো. মুসাদ্দেক বিল্লাহ মাদানীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলটি আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে পরিচিতি ছিল। নিবন্ধন শর্ত মানতে গিয়ে শাসনতন্ত্র শব্দটি বাদ দিতে হয়। ইভিএম ব্যবহারে গ্রহণযোগ্যতা নিশ্চিতে বিরোধীদলের মতামত নেওয়ার সুপারিশ করেন মুসাদ্দেক বিল্লাহ। সিইসি জানান, এ বিষয়ে নিবন্ধিত সব দলের মতামত নিতে চায় ইসি। বিরোধী দল বিএনপিকে তৃতীয় দফায় আমন্ত্রণ জানানো হয়েছে। "১৯ জুলাই আওয়ামী লীগ ও ২০ জুলাই বিএনপি'র সংলাপসূচি রয়েছে। আমরা এখনো আশা করছি, বিএনপি সংলাপে আসবে।" সংলাপে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সংলাপসূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫০ ঘ.