সাভার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি স্কুলের মাঠ থেকে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাভাড়া এলাকার মৃত লালী মিয়ার ছেলে মো. সেলিম (২৫) ও সাভারের ভাকুর্তার ফিরিঙ্গিকান্দা এলাকার বাউল মিয়ার ছেলে স্বপন মিয়া (২৪)।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে পানপাড়া বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি আমেরিকার তৈরী একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা পেশাদার সন্ত্রাসী। তারা সন্ত্রাসী কাজ করার উদ্দেশ্যে ওই স্কুল মাঠে অবস্থান করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮০৩ ঘ.
bdnews24