২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ'র মানববন্ধনে গুলি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের মানববন্ধনে গুলি চালিয়েছে এক দল বন্দুকধারী। এতে আহত হয়েছেন আট জন, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

খাগড়াছড়ি, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের মানববন্ধনে গুলি চালিয়েছে এক দল বন্দুকধারী। এতে আহত হয়েছেন আট জন, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সংবিধানের পঞ্চদশ সংশোধন প্রত্যাখ্যান ও আদিবাসীদের স্বীকৃতির দাবিতে মঙ্গলবার মানববন্ধন করছিলো ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীছড়ির শিলাছড়ির বাটিপাড়ায় কর্মসূচিতে হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ইউপিডিএফ এ হামলার জন্য প্রতিপক্ষ পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে জেএসএস অভিযোগ অস্বীকার করেছে। ইউপিডিএফ'র যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিঠুন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাটিছড়িতে মানববন্ধন চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে 'বোরকা পার্টির' ১০-১২ জন সন্ত্রাসী অতর্কিতে ব্রাশফায়ার চালায়।" আহতদের মধ্যে শিমুল চাকমা (২২) এবং সুজন চাকমার (২০) অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিঠুন জানান, শিমুলের দেহে ১৮টি গুলি লেগেছে। লক্ষ্মীছড়ি থানার ওসি মো. কামরুল হাসান সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে ১০-১২ জন দুর্বৃত্ত হঠাৎ করে গুলি চালায়। এতে সাত-আট জনের মতো আহত হয়েছে। ওসি জানান, তিনি নিজের গাড়িতে করে এক জনকে হাসপাতালে পৌঁছে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। ইউপিডিএফ নেতা মিঠুন বলেন, হামলাকারীরা জেএসএসের সঙ্গে যুক্ত। এ বিষয়ে জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সঞ্জীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ হামলার সঙ্গে জেএসএস কোনোভাবেই জড়িত নয়। ইউপিডিএফ যে দাবিতে মানববন্ধন করেছে আমরাও একই দাবিতে আন্দোলন করছি। সুতরাং তাদের কর্মসূচিতে হামলার প্রশ্নই আসে না।" পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল বাতিল, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার ও বসিত স্থাপনকারী বাঙালিদের সমতলে পুনর্বাসন ইত্যাদি দাবিতে ইউপিডিএফ মঙ্গলবার খাগড়াছড়িতে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। জেলার আটটি উপজেলায়ই কর্মসূচি পালিত হয়েছে বলে দলের নেতারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪৫ ঘ.