২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র দরপত্র প্রস্তাবে সায় মেলেনি

ঘোড়াশাল পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রস্তাব ফেরত দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পর্যালোচনা করে তা পুনরায় উপস্থাপনের জন্য বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোড়াশাল পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রস্তাব ফেরত দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পর্যালোচনা করে তা পুনরায় উপস্থাপনের জন্য বলা হয়েছে। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। গত ৩ মার্চ ডুয়েল ফুয়েল ভিত্তিক ২০০-৩০০ মেগাওয়াট উৎপাদনক্ষম এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্র প্রস্তাবে অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তখন এ প্রকল্পের কাজ পেয়েছিল কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল টেকনিকাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কমিটি এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। তবে পরে ওই অনুমোদন বাতিল করা হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, "দর প্রস্তাবটি রিভিউ করে ১৫ দিনের মধ্যে আবার আমাদের কাছে পাঠাতে এ সংক্রান্ত কমিটিকে বলা হয়েছে।" এর আগের অনুমোদন দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে মুহিত বলেন, "তখন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেদিন রাতেই আমার মনে হলো বিষয়টা ইমপালসিভ হয়ে যাচ্ছে।" আগে কাজ পাওয়া প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট একজন মন্ত্রীর প্রতিষ্ঠান- এমন তথ্য তুলে ধরে কাজ পাওয়ার সঙ্গে ওই মন্ত্রীর প্রভাব জড়িত কি না জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "আমি এটার ওপর কোনো মন্তব্য করবো না। কে জড়িত আছে কি নেই সেটা বিবেচিত না। আমরা মেরিটকে বিবেচনায় নিচ্ছি।" এদিন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আরো একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্র প্রস্তাব অনুমোদন পেয়েছে। কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের বলেন, ১০০-১৫০ মেগাওয়াটের ডুয়েল ফুয়েল ভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি হবে কালিয়াকৈরে। সর্বনিু দরদাতা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে যৌথ প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব এইটকম স্পেন্স পিআইসি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেডকে। এ প্রতিষ্ঠান সরকারের কাছে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করবে ৪ টাকা ৫২ পয়সায়। আরো প্রস্তাব অনুমোদন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সোমবার রেলপথ বিভাগের ঠিকাদার নিয়োগের চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে বলে জানান নুরুল করিম। এ চারটি প্রস্তাব হলো- ১০৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের লাকসাম-চাঁদপুর সেকশনের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় "রিহ্যাবিলিটেশন অব রেলওয়ে ট্রাক ইনক্লুডিং সাপ্লাই অব অল ম্যাটেরিয়ালস, ইক্যুইপমেন্ট, মেশিনারিজ, লেবার এন্ড ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্লুডিং অল ভ্যাট এন্ড ট্যাক্সেস ফর ম্যাটেরিয়ালস ইন টার্ন কি বেসিস"। এ প্রকল্পের কাজ পেয়েছে কালিন্দি রেল নির্মাণ লিমিটেড। ৪২৬ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে "২০ সেট মিটার গেজ ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ক্রয়ের" জন্য কাজ পেয়েছে মেসার্স তাংশাং রেলওয়ে ভেহিক্যাল কোম্পানি লিমিটেড। ১৩০১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে "ট্রাক ডাবলিং বিট্যুইন লাকসাম এন্ড চিনকিআস্তানা" কাজ পেয়েছে সিআরএম চয়েন্ট ভেঞ্চার কোম্পানি। ২২৮ কোটি টাকা ব্যয়ে ভারতীয় ঋণের টাকায় "১০টি বিজি ডিজেল ইলেকট্রিক লোকোমেটিভ সংগ্রহের কাজ পেয়েছে রাইটস ইন্ডিয়া। রাষ্ট্রীয় পর্যায়ে চলতি বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে জ্বালানি ও সার আমদানির বিষয়ে চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ও ৮০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে ৬ লাখ ৪০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ও ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন জেট এ-১ আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মিশরের মিডল ইস্ট ওয়েল রিফাইনারির সঙ্গে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিদ্যমান চুক্তির আওতায় জুলাই-ডিসেম্বর প্রান্তিকে আমদানিতব্য জ্বালানি তেলের প্রিমিয়াম অনুমোদন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১৪ হাজার মেট্রিক টন ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নুরল করিম আরো জানান, ১২৪ কোটি ৮৯ লাখ টাকা টাকা ব্যয়ে "ঢাকার মিরপুরে আনন্দনগর আবাসিক ফ্ল্যাট নির্মাণ" প্রকল্পের কাজ পেয়েছে এনা প্রপার্টিজ লিমিটেড। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৫৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ৮১ লাখ ৫০ হাজার সিএফএল বাল্ব কেনার বিষয়ে দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের ১৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে "ফিজিবিলিটি স্টাডি অব ক্যাপিটাল ড্রেজিং এন্ড সাসটেইনেবল রিভার ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ" প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/পিডি/২১৪৯ ঘ.