২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: অধিকতর তদন্তের শুনানি ১১ অগাস্ট

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের শুনানির নতুন তারিখ নির্ধারন করা হয়েছে ১১ অগাস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

সিলেট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের শুনানির নতুন তারিখ নির্ধারন করা হয়েছে ১১ অগাস্ট। সোমবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মমিন উল্লাহ শুনানির জন্য নতুন তারিখ ধার্য্য করেন। সোমবার ছিলো এই ট্রাইব্যুনালে অধিকতর তদন্তের শুনানির নির্ধারিত তারিখ। এদিন আদালতে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর বাদী পক্ষের নারাজি দরখাস্ত দাখিল হয়নি। গত ২০ জুন হবিগঞ্জ মুখ্য বিচাারিক হাকিম আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর কিবরিয়ার পরিবারের সদস্যরা তা প্রত্যাখ্যান করেন। হবিগঞ্জ আদালতে গত ২৮ জুন কিবরিয়া পরিবারের পক্ষে অভিযোগপত্রের ওপর নারাজি দরখাস্ত দাখিল করতে গেলে আদালত থেকে নারাজি দরখাস্ত সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সোমবার মামলার ধার্য্য তারিখে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর ভুঁইয়া বাবুল কিবরিয়া পরিবারের পক্ষে নারাজি দরখাস্ত দাখিল করতে সিলেটে আসেন। ভারপ্রাপ্ত বিচারক নতুন তারিখ ধার্য্য করায় নারাজি দরখাস্তদাখিল করা হয়নি। আলমগীর ভ্ুঁইয়া সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট আদালতের বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক আগামী ১১ অগাষ্ট নতুন তারিখে দিয়েছেন। এ তারিখে নারাজি দরখাস্ত দাখিল করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর জানান, ২০০৮ সালের সেপ্টেম্বরে উচ্চ আদালতের নির্দেশে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলা স্থানান্তরিত হয়। ওই বছর ২২ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম অধিকতর তদন্ত সংক্রান্ত শুনানি শেষে তদন্ত কর্মকর্তাকে সম্পূরক অভিযোগপত্র দাখিলের আদেশ দিয়েছিলেন। হবিগঞ্জের আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল হওয়ায় এখন অধিকতর তদন্তের শুনানির জন্য ১১ অগাস্ট নতুন তারিখ নির্ধারন হয়েছে । ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২৯ ঘ.