নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মিত্র হিসেবে পরিচিত ১১টি দলের ডাকা ৩০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার নারায়ণগঞ্জের কোথাও সকাল থেকে পিকেটারদের দেখা যায়নি।
তবে সকালে কাচপুরে আওয়ামী লীগ সমর্থক সিদ্ধিরগঞ্জ থানা পরিবহন মালিক শ্রমিকরা লাঠিসোটা নিয়ে হরতালবিরোধী মিছিল করে।
হরতালে শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাড়সক এবং ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা না গেলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক ছিলো।
নগরীর বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল।
সংবিধান থেকে 'আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' তুলে দেওয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে ৩০ ঘণ্টার হরতাল ডাকে বিএনপির সমমনা ১১টি দল। দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি এবং নেজামে ইসলাম পার্টি।
হরতালের প্রথম দিন রোববার হরতালকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় নারায়ণগঞ্জের ফতুল্লা ও কাচপুরে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়।
ওই ঘটনায় পুলিশ তিন থানায় পাঁচটি মামলা করেছে। এসব মামলায় দেড় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকশ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে।
রোববার হরতাল সমর্থকরা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে সোমবার লাঠিসোটা নিয়ে মিছিল বের করে হরতালবিরোধীরা।
সকাল সোয়া ৯টায় কাচপুর সেতু সংলগ্ন শিমরাইল বাস টার্মিনাল থেকে দুই শতাধিক শ্রমিক এ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম মহাসড়ক মোড় হয়ে সিদ্ধিরগঞ্জ হীরাঝিল আবাসিক এলাকা ঘুরে আদমজী রোড দিয়ে পুনরায় শিমরাইল বাস টার্মিনালে এসে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৩ ঘ.
bdnews24