ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ক্ষমতায় এসে পরিবার পরিকল্পনা কার্যক্রম 'মুমূর্ষু অবস্থায়' পেয়েছে দাবি করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী আফম রুহুল হক বলেছেন, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চলছে।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল হক বলেন, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে এ বিভাগে জনবল ও সরঞ্জামের ব্যাপক ঘাটতি ছিলো।
তবে পরিবার পরিকল্পনা কার্যক্রম গতিশীল করার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরতে এরই মধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
সকালে জনসংখ্যা দিবস উপলক্ষে শিশু একাডেমি থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া ওসমানি স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা পরিবার পরিকল্পনার ওপর তাদের কার্যক্রম প্রদর্শন করে।
এর বাইরে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা নিয়ে কাজে উৎসাহী করতে বিভিন্ন ক্যাটাগরিতে ছয় সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়।
নারী স্বাস্থ্যের ওপর প্রতিবেদনের জন্য ইংরেজি সংবাদপত্র ও সংবাদ সংস্থা ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১১ পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক নূরুল ইসলাম হাসিব।
পুরস্কার পাওয়া অন্য ছয় সাংবাদিক হলেন- এটিএন বাংলার শাহনাজ মুন্নি, চ্যানেল আই-এর জান্নাতুল বাকিয়া কেকা, ডেইলি সানের তারিক হাসান শাহরিয়ার, জনকণ্ঠের নিখিল মানকিন, প্রথম আলোর মনসুরা হোসেন ও বাংলাদেশ বেতারের জলিলুল হক।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের হাতে পদক তুলে দেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে এ পুরস্কারের আয়োজন করা হয়।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকে সফল করতে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেখা গেছে, গত জুনে বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। এ ধারা চলতে থাকলে আগামী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, ১৯৭৫ থেকে ২০০০ সাল মেয়াদে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা সাত গুণ হারে বাড়লেও ২০০০ থেকে ২০০৯ সাল মেয়াদে এ হার উল্লেখযোগ্য হারে বাড়েনি। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণকারীর হার ১৯৮৯ সালে যেখানে ৩৬ শতাংশ ছিলো ২০০৭ সালে তা কমে হয়েছে ১৩ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, দীর্ঘমেয়াদি ও স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জনপ্রিয় করতে দেশজুড়ে প্রচারাভিযান শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ কেবল মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এক্ষেত্রে স্ব স্ব ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সেরা পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের 'বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড' পুরস্কার দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এএল/২০১৮ ঘ.
bdnews24