২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ৩২ ট্রলারে ডাকাতি, ৪৭ জেলে অপহরণ

বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে রোববার রাতে ৩২টি মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

বরিশাল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে রোববার রাতে ৩২টি মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সাগরের কচিখালী ও নারিকেল বাড়িয়ার মধ্যচর এলাকায় এ হামলায় অন্তত ১৩ জেলে আহত হন। এরপর জলদস্যুরা তিনটি ট্রলারে করে ৪৭ জেলেকে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে। মাছ, জাল, ট্রলারের যন্ত্রাংশ ও নগদ টাকাসহ ৫০ লাখ টাকার বেশি মালামাল লুট করেছে বলে জেলেরা জানান। সোমবার বিকালে পাথরঘাটা ফিরে আসা জেলেরা সাংবাদিকদের এ হামলার কথা জানান। জেলেদের অপহরণের কথা স্বীকার করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন অধিনায়ক লে. হারুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলের উদ্দেশে তাদের একটি জাহাজ রওনা হয়েছে। তবে তিনি চার জেলে অপহরণের কথা জানান। বরগুনা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি সাংবাদিকদের বলেন, ডাকাতির শিকার ট্রলারগুলো বঙ্গোপসাগরের কচিখালী ও নারিকেল বাড়িয়ার মধ্যচর এলাকার কাছাকাছি অবস্থান করছিলো। রোববার রাত ৯টার দিকে দুইটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একদল জলদস্যু একযোগে মাছধরা ট্রলারগুলোতে হানা দেয়। হামলা-লুটপাট আর নির্যাতন চলে ভোর রাত ৪টা পর্যন্ত। জলদস্যুদের হামলায় বেশ কয়েকজন জেলে আহত হন। জলদস্যুদের মারধর ও অপহরণের ভয়ে অন্তত ২০ জেলে সাগরে লাফিয়ে পড়েন। সোমবার সকালে তাদের উদ্ধার করা হয়। তিনটি ট্রলারে করে যে ৪৭ জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তাদের প্রত্যেকের মুক্তিপণ বাবদ এক লাখ টাকা করে এবং জেলেদের খাবারের জন্য রসদ সামগ্রী দাবি করেছে বলে জানান মান্নান মাঝি। অপহৃত জেলেদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- আলিম, নুর আলম, হারুন মাঝি, মোশারেফ মাঝি, ছগির মাঝি, লাল মিয়া ও মিজান সরদার । বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত ১৫ দিনে জলদস্যুরা পাঁচটি ট্রলারসহ ১৫৭ জেলেকে অপহরণ করেছে। জলদস্যুদের হামলায় আহত জেলেরা পাথরঘাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের অধিকাংশের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১০১৫ ঘ.