ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা।
নিয়মানুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সাত দিন পর সোমবার এ উৎসব পালিত হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের আয়োজনে রথযাত্রার দিন স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দিরে আসা তিনটি রথ ফিরতি পথে অর্থাৎ উল্টো পথে সোমবার সন্ধ্যার দিকে স্বামীবাগে পৌঁছায়।
বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাসহ উল্টো পথে যাত্রা শুরু করে রথ তিনটি। শোভাযাত্রা পলাশী মোড় হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে টিএসসি-দোয়েল চত্বর, প্রেসক্লাব, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলি ঘুরে স্বামীবাগে ইসকন মন্দিরে পৌঁছায়।
এর আগে বিকাল সাড়ে ৩টায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। অন্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ আলোচনায় অংশ নেন।
শাস্ত্রমতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ লাভ হয়। অর্থাৎ তাকে আর জীবরূপে জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় না।
এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের মূর্তি রেখে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা করে।
রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবারো উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৯২০ ঘ.
bdnews24