লালমনিরহাট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের সদস্যদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার তুষভা-ার ইউনিয়নের কাশিরামের নোহালী গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত হয়েছেন নোহালী গ্রামের আমিনুর রহমান (৫৮)।
আহতদের মধ্যে রয়েছেন আহেদুল, বাচ্চু, বুলু, আজিজুল, বাবুল, হাবিবুর, আমিনুরের স্ত্রী আরেফা বেগম, ছেলে আরিফুল, আশরাফুল, মেয়ে আমিনা, ভাতিজা নয়ন ও গোলজার।
তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
সোমবার এ ঘটনায় নিহতের স্ত্রী আরেফা বেগম ১৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, তিস্তা নদীর চর এলাকার জমি নিয়ে গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের সাত ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাত ভাই দুইপক্ষে বিভক্ত।
চরের ওই জমি নিয়ে রোববার সন্ধ্যায় দুইভাই বাচ্চু মিয়া ও আমিনুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে তাদের দুইপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে কুড়ালের আঘাতে আমিনুরের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী জানান, মামলা দায়ের হয়েছে। আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24