বরিশাল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে হরতালের সময় পুলিশ বহনকারী বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
রোববার রাতে কাউনিয়া থানায় মামলা করেন বাস চালক মো. রিয়াজ।
মামলায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
প্রধান বিরোধী দল বিএনপির সমমনা ১১টি রাজনৈতিক দলের ডাকা রোববার ভোর ৬টা থেকে ৩০ ঘণ্টার হরতাল এবং এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বরিশাল নগরীর বেলতলা এলাকায় বিকালে ওই বাসে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হরতালে পুলিশ সদস্য আনা নেয়ার জন্য বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কাছ থেকে শাহবন্দর পরিবহন নামের বাসটি রিকুইজিশন করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭১১ ঘ.
bdnews24