ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবেবরাত উপলক্ষে ১৮ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুলাই অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ জুলাই দিবাগত রাতে শবেবরাত পালিত হবে। পরদিন ১৮ জুলাই সোমবার সরকারি ছুটি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিজস্ব নিয়ম-কানুন দ্বারা নিয়ন্ত্রিত অথবা চাকরি অত্যাবশ্যকীয় ঘোষিত অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ঘোষণা কার্যকর হবে না। এসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব নিয়মে ছুটি ঘোষণা করবে।
উল্লেখ্য, দিনপঞ্জিতে (ক্যালেন্ডার) চাঁদ দেখা সাপেক্ষে শবেবরাতের ছুটি ১৭ জুলাই চিহ্নিত রয়েছে। কার্যতঃ এই ছুটি ১৮ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/কেএমএস/১৭১৯ ঘ.
bdnews24