২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্রোতে ভেসে লাশটি এসেছিলো নওগাঁয়

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া লাশটি একজন ভারতীয় নাগরিকের। স্রোতের তোড়ে লাশটি ভেসে এসেছিলো নওগাঁয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

নওগাঁ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া লাশটি একজন ভারতীয় নাগরিকের। স্রোতের তোড়ে লাশটি ভেসে এসেছিলো নওগাঁয়। তার নাম গৌরাঙ্গ ব্যানার্জী (৪৫)। পিতার নাম মৃত নারায়ণ ব্যানার্জী। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার রঘুনাথপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকাল ১১টায় ধামইরহাট উপজেলার ডাঁঙ্গী সীমান্ত ফাঁড়ি দিয়ে বিজিবির সহায়তায় মৃতদেহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। নওগাঁর মান্দা থানার এসআই মো. শহিদুল্লাহ জানান, পারিবারিক কলহের জের ধরে গৌরাঙ্গ ৫ দিন আগে অতিরিক্ত মদ পান করে বালুরঘাট শহরে আত্রাই নদীর ওপর নির্মিত সেতু থেকে নদীতে পড়ে যায়। পরে তার লাশ প্রবল স্রোতে ভেসে বাংলাদেশে প্রবেশ করে। উল্লেখ্য, গত রোববার দুপুরে মান্দা থানা পুলিশ কালিকাপুর বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় গৌরাঙ্গের লাশ অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করে। পরে গৌরাঙ্গর পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। এসআই মো. শহিদুল্লাহ জানান, এরপরই লাশ বিএসএফের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৫ ঘ.