মাদারীপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে চরমুগরিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিদ্যুৎ, পানি ও নিয়মিত ক্লাসসহ বিভিন্ন দাবিতে কলেজ ভবন ভাংচুর ও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা এই ভাংচুর চালায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে কলেজে বিদ্যুৎ নেই ও পানির ব্যবস্থা নেই। শিক্ষকরা কলেজে নিয়মিত উপস্থিত থাকেন না এবং ক্লাস নেন না। অধ্যক্ষসহ অনেক পদ খালি। এতে শিক্ষার্থীদের পড়াশুনার মান নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে।
অবিলম্বে এসব সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীরা বড় ধরনের আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বলেন, বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। তারা কয়েকটি কক্ষে ভাংচুর চালায়।
পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আলী আকবর খোকা বলেন, সদর থানা পুলিশ ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা কলেজে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬০২ ঘ.
bdnews24