নরসিংদী, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং সাত জন আহত হয়েছে।
সোমবার সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাধবদী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, নরসিংদী থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে এক নারী ও এক পুরুষ ঘটনাস্থলেই মারা যান।
নিহত নারীর নাম নাসিমা বেগম (৪০)। তবে পুরুষের নাম পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১২২০ ঘ.
bdnews24