২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিউকের জামিন আদেশ আরো এক সপ্তাহ স্থগিত

২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলার খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে হাইকোর্টের দেওয়া জামিনে স্থগিতাদেশ আরো এক সপ্তাহ বাড়িয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 05:56 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলার খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে হাইকোর্টের দেওয়া জামিনে স্থগিতাদেশ আরো এক সপ্তাহ বাড়িয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির বেঞ্চ স্থগিতাদেশ বাড়ানোর এ আদেশ দেয়। আদালত একইসঙ্গে ওই জামিনের বিপক্ষে রাষ্ট্রপক্ষের আপিলের আবেদনের জন্য মঙ্গলবার শুনানির দিন ঠিক করেছে। ডিউকের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট সম্পূরক অভিযোগপত্র দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছিলো। হাইকোর্টের ওই আদেশ চেম্বার আদালত স্থগিত করে। এরই মধ্যে ওই মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। আজ আমরা সময় চাওয়ার পর আদালত শুনানি মুলতবি করে।" আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ৪ মে হাইকোর্ট ডিউকের জামিন মঞ্জুর করে। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৮ মে চেম্বার বিচারপতি ওই আদেশের কার্যকারিতা স্থগিত করে শুনানির জন্য তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সম্পূরক অভিযোগপত্র গত ৩ জুলাই আদালতে দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এতে ডিউক ছাড়াও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১৫০ ঘ.