ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ দলের ডাকা ৩০ ঘণ্টার হরতাল শেষ হয়েছে। এর মধ্য দিয়ে পাঁচ দিন পর স্বাভাবিকতা ফিরলো দেশে।
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দল রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয়। ইসলামী আন্দোলন হরতাল করে শুধু রোববার।
এর আগের দুদিন ছিলো সাপ্তাহিক ছুটি। ছুটির আগে বুধ ও বৃহস্পতিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে টানা ৪৮ ঘণ্টা হরতাল চলে।
টানা হরতাল ও ছুটির মধ্যে জনজীবন ব্যাহত হয়। ব্যবসায়ীরা এ হরতালের বিরোধিতা করে আসছিলো।
১১টি দলের ডাকা ৩০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকেই রাজধানীতে প্রচুর গাড়ি চলতে শুরু করে। হরতাল আহ্বানকারীদের কোনো তৎপরতা চোখে পড়েনি।
খুলেছে দোকানপাট, স্কুল-কলেজ মুখরিত হয়ে উঠেছে শিক্ষার্থীদের পদচারণায়।
দুপুরের পর থেকেই চিরচেনা যানজটের দেখা মিলেছে মহানগরীর বিভিন্ন রাস্তায়। বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। সিগন্যালগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে।
হরতাল দুপুর ১২টা পর্যন্ত হলেও সকাল ৯টার দিকে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে তার কোনো ছাপ পাওয়া যায়নি। বাস ছাড়াও প্রাইভেট গাড়িও চলতে দেখা যায়, সাধারণত হরতালে প্রাইভেট গাড়ি রাস্তায় নামে না।
দূরপাল্লার বাসও সকালেই ঢাকার টার্মিনালগুলো থেকে ছাড়তে শুরু করে। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল রয়েছে স্বাভাবিক।
ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জায়দুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরের পর রাজধানীতে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, হরতালের দিন রাজধানীতে ঢিলেঢালাভাবে ট্রাফিক ব্যবস্থা চালু থাকলেও সোমবার দুপুরের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিকরা হিমশিম খাচ্ছেন।
রাজধানীতে উল্টো রথযাত্রার অনুষ্ঠান নির্বিঘ
bdnews24