নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা তদন্তে রোববার বিকালে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্যের এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ নাজমুল আলম বলেন, সকালে ফতুল্লার পঞ্চবটিতে হরতাল সমর্থকদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খানসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনা তদন্তে ডিআইজি মো. আসাদুজ্জামান মিয়ার নির্দেশে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার গিয়াস উদ্দিনকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল ক) আশরাফুল আলম ও ডিআইওয়ান মঈনুর রহমান।
আগামী তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, বলেন তিনি।
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত কয়েকটি ইসলামী দলসহ ১২টি দল রোববার সকাল ৬টা থেকে ৩০ ঘণ্টার হরতাল ডাকে।
সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.
bdnews24