২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর ব্যবসায়ীদের পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

স্বরাষ্ট মন্ত্রীর আশ্বাস পেয়ে নওগাঁর ব্যবসায়ীরা পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নওগাঁ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট মন্ত্রীর আশ্বাস পেয়ে নওগাঁর ব্যবসায়ীরা পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন। রোববার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধর্মঘটকারী সংগঠনের নেতারা জানান। সিদ্ধান্ত অনুযায়ী রোববার সন্ধ্যা ৭টা থেকে ১৫ জুলাই পর্যন্ত তাদের ধর্মঘট স্থগিত থাকবে। মহাসড়কে চালক ও সহকারীর নিরাপত্তাসহ নয়দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট করছে নওগাঁর ধান-চাউল ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীদের ১৩টি সংগঠন। নওগাঁর '১৩ সংগঠন সমন্বয় পরিষদ'র আহবায়ক ইলিয়াস তুহিন রেজা জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন আগামী ১৪ জুলাই বিকাল ৩টায় তার কার্যালয়ে সমন্বয় পরিষদ নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি বলেন, নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর বৈঠকের বিষয়টি জানিয়ে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টায় ১৩ সংগঠন সমন্বয় পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ২০০০ সাল হতে এ পর্যন্ত শুধু নওগাঁ থেকে ছেড়ে যাওয়া ৫৮টি ট্রাক মালামালসহ ছিনতাইয়ের শিকার হয়েছে। ট্রাকের নয়জন চালক ও সহকারী ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন। এখনো পর্যন্ত দুইটি ট্রাক এবং ছিনতাই হওয়া কোনো পণ্যই উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.