ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের নির্দেশ অমান্য হয়েছে অভিযোগ করে পাঁচ সচিবসহ ১১ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
রোববার সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আদালত অবমাননার এ মামলা দায়ের করেন।
মামলার বিবাদি সচিবরা হলেন- পরিকল্পনা সচিব, অর্থ সচিব, নৌ-পরিবহন সচিব, যোগাযোগ সচিব, পানিসম্পদ সচিব।
অন্য বিবাদিরা হলেন- বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান, ভূমি জরিপ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।
মনজিল মোরসেদ বলেন, ২০০৯ সালের ২৫ জুন ঢাকার চার নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা রক্ষায় হাইকোর্ট নির্দেশনা দিয়েছিলো।
এতে চার নদীর অভ্যন্তরে অবস্থিত সব স্থাপনা অপসারণ, নদীর সীমানা পিলার স্থাপন, তীরে হাঁটার পথ তৈরি, নদী খনন করে পলিথিন ব্যাগসহ অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এসব নির্দেশনা বাস্তবায়নে দেওয়া সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সরকারপক্ষের আবেদনে আদালত নির্দেশ বাস্তবায়নে আরো ছয় মাস সময় বাড়ায়। বর্ধিত সময়ও গত ৩০ মে শেষ হয়ে যায়।
নির্দিষ্ট সময় আদালতের নির্দেশনা বাস্তবায়না না করায় গত ২ জুলাই এক সপ্তাহ সময় দিয়ে বিবাদিদের উকিল নোটিশ দেওয়া হয়। তাতে সাড়া না মেলায় মামলা করা হয়েছে বলে মনজিল জানান।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মূল মামলা ও উকিল নোটিশে বিবাদি হিসাবে থাকলেও আইনি নোটিশের জবাব দেওয়ায় তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান মনজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪৩০ ঘ.
bdnews24