২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গুলি করে ১৮ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কুড়িল চৌরাস্তায় গুলি চালিয়ে এবং কুপিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কুড়িল চৌরাস্তায় গুলি চালিয়ে এবং কুপিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। জেআর কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের তত্বাবধায়ক মো. মারুফ এবং হিসাব রক্ষক নাজমুল হকের কাছ থেকে এ টাকা ছিনতাই হয়েছে। বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই কর্মকর্তা কুড়িল জোয়ার সাহারার কার্যালয় থেকে ১৮ লাখ টাকা নিয়ে হেঁটে কাছের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন। "ব্যাংকের সামনেই একটি মটর সাইকেলে করে আসা সন্ত্রাসীরা দুই কর্মকর্তার এক জনের হাতে চাপাতি দিয়ে আঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি করে দ্রুত পালিয়ে যায়", বলেন তিনি। ঘটনাস্থলের কাছে ছিলেন বাড্ডা থানার উপপরিদর্শক আবু আজিফ। ইসলামী দলগুলোর ডাকা হরতালে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি। আজিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ৫০/৬০ গজ দূরে হঠাৎ হৈ চৈ শুনি। এরপর গুলির শব্দ পাওয়া যায়।" পালাতে থাকা মটর সাইকেলে তিন জন ছিলো বলে তিনি জানান। আজিফ বলেন, পালিয়ে যাওয়ার সময় তারা ২/৩ রাউন্ড গুলি করে যায়। ভাগ্যক্রমে কেউ গুলিবদ্ধ হননি। "সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা চলে যাওয়ার পর ঘটনাটি জানতে পারি", বলেন তিনি। ওসি জানান, যে দুজনের কাছ থেকে ছিনতাই হয়েছে তাদের মধ্যে এক জনের হাতে চাপাতির সামান্য আঘাত লেগেছে। এ বিষয়ে দুজনকেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪০০ ঘ.