বগুড়া, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
রোববার ভোররাতে শিবগঞ্জ থানার হাতিবান্ধা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী কাকলী এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। একই সময়ে ট্রাকের পেছনের অংশে ধাক্কা লাগে মাইক্রোবাসের। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় এক নারীসহ তিন জন ঘটনাস্থলেই মারা যায় বলে শিবগঞ্জ থানার পরিদর্শক লুৎফর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
নিহত বুলবুলি (৩০) রংপুর জেলার তারাগঞ্জ থানার সয়া কাজী পাড়া গ্রামের রশিদ মেম্বারের স্ত্রী। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২৩০ ঘ.
bdnews24