২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ত্রিপুরা থেকে অপহৃত ৬ জন বাংলাদেশে'

ভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রধান কে সালিম আলী বলেছেন, বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার এক গ্রাম থেকে অপহৃত ছয়জনকে বাংলাদেশে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

আগরতলা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রধান কে সালিম আলী বলেছেন, বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার এক গ্রাম থেকে অপহৃত ছয়জনকে বাংলাদেশে রাখা হয়েছে। আগরতলায় পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সালিম বলেন, গত ১ জুলাই দক্ষিণ ত্রিপুরার একটি গ্রাম থেকে পাঁচ রিয়াং ও এক চাকমাকে অপহরণ করে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) সদস্যরা। "তাদের অপহরণ করতে গোপনে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিচ্ছন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা।" অপহৃতরা সীমান্তবর্তী এলাকায় থাকার তথ্য তাদের কাছে জানিয়ে ত্রিপুরার পুলিশ প্রধান বলেন, তারা বিজিবির ক্যাম্পের খুব কাছাকাছি আছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। এ প্রসঙ্গটি সামনে আনতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করতে বিএসএফকে অনুরোধ করেছি। আলী বলেন, "নতুনবাজার থানার রাইশাবাড়ী এলাকার আট কিলোমিটার জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো সীমান্ত বেড়া না থাকায় সুবিধা পাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা। এজন্য তারা তাদের অপহরণ করে সীমান্ত পার হতে পেরেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২৩১৯ ঘ.