ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ দলের হরতালের আগের দিন শনিবার থেকে রাজধানীতে চারদিনের জন্য ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার এ কথা জানান।
তিনি বলেন, আদালতগুলো রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত হচ্ছে, হরতাল দমন করার জন্য নয়।
"ভ্রাম্যমাণ আদলাতগুলো ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী বিভিন্ন অপরাধ দমনের উদ্দেশ্যে সাজা দেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতগুলো কাজ করবে।"
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রথমদিন শনিবার কাউকে সাজা দেওয়া হয়নি।
সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস' উঠিয়ে দেওয়ার প্রতিবাদে ১১টি সমমনা ইসলামপন্থী দল রোববার সকাল ৬টা থেকে সারাদেশে ৩০ ঘণ্টা হরতাল ডেকেছে। এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
গত মাসে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে সারাদেশে একশ'র মতো হরতাল-সমর্থককে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালতে হরতালকেন্দ্রিক সাজার ঘটনা এটিই ছিল প্রথম।
এ মাসের ৬ ও ৭ তারিখে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে তিনি দিনে ৩৪ জন হরতাল-সমর্থককে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেটি/পিডি/২২০০ ঘ.
bdnews24