চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর (এইউডব্লিউ) বহিষ্কৃত ১১ ছাত্রী ক্যাম্পাস ছেড়েছে।
শনিবার দুপুরে ছাত্রীদের অভিভাবকদের সাথে বৈঠকের পর বহিষ্কারাদেশ বহাল থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানান।
কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় বিকাল সাড়ে ৪টার দিকে আট বাংলাদেশী ছাত্রী ক্যাম্পাস ত্যাগ করে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের চিফ অপারেটিং অফিসার ওমর শরীফ বলেন, শিক্ষার মান নিয়ে কোন আপোষ না করার সিদ্ধান্তেবহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে।
এদিকে বহিষ্কৃত দুই শ্রীলঙ্কান ও এক ভারতীয় ছাত্রী সকালেই ক্যাম্পাস ত্যাগ করেছে।
এই ১১ শিক্ষার্থী পর পর দুই টার্মে অকৃতকার্য হয়েছেন জানিয়ে ওমর শরীফ সংবাদ সম্মেলনে বলেন, এ সংক্রান্ত লিখিত সুস্পষ্ট নীতিমালা ২০১০ সালের অগাস্টে প্রণয়ন করা হয়েছে এবং শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানেন।
পরীক্ষায় ফল খারাপ করার কারণে গত ১২ জুন এই ১১ জনকে বহিষ্কার করা হয়।
কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন দেশি- বিদেশি শিক্ষার্থী গত বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান ধর্মঘট শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা হোস্টেলে ফিরে যান।
মহিউদ্দিন চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ১১ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আলোচনার দিনক্ষণ ঠিক হয় শনিবার।
শনিবার সকাল ১০টা থেকে কর্তৃপক্ষ আট বাংলাদেশী ছাত্রী ও তাদের অভিভাবকদের সাথে পৃথকভাবে বৈঠক করে কর্তৃপক্ষ।
বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এইউডব্লিউ'র সদ্য নিযুক্ত উপাচার্য ও প্রাধ্যক্ষ মেরি সেনসেলোন বলেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি বিবেচনা করে এইউডব্লিউ'র গ্রেডিং পদ্ধতি প্রণয়ন করা হয়েছে।
ওই ছাত্রীরা পর পর দুই টার্মে 'সি গ্রেড' অর্থাৎ ২ পয়েন্ট (৪ পয়েন্টের মধ্যে) না পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শতকরা হিসেবে ৭০ থেকে ৭৯ শতাংশ নাম্বার হলো সি গ্রেড।
তিনি বলেন, প্রথম টার্মে খারাপ ফলাফল করায় তাদের সর্তক করে চিঠি দেয়া হয়েছিল। ভবিষ্যতে অন্য কেউ খারাপ ফলাফল করলে তাদেরও বহিষ্কার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের কোন লিখিত নীতিমালা নেই শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিফ অপারেটিং অফিসার ওমর শরীফ বলেন, এটা ঠিক নয়। নীতিমালা আছে এবং আমরা ক্রমাগত এর উন্নয়ন ঘটাচ্ছি।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে খারাপ ফলাফলের কারণে খালেদা সুলতানা নামের আরেক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
খালেদা সুলতানা জানান, লিখিত কোন বহিষ্কারাদেশ না দেয়ার কারণ জানতে চেয়ে আমি রেজিস্ট্রি চিঠি পাঠাই। কিন্তু তারা এর কোন জবাব দেয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিতভাবে আমাকে বহিষ্কারাদেশও দেয়নি। তাই আমি কোন আইনি পদক্ষেপও নিতে পারছি না।
বহি
bdnews24