ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মগবাজার লেভেল ক্রসিংয়ে ইঞ্জিন নষ্ট হয়ে একটি ট্রেন বিকল হয়ে পড়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
কমলাপুর থেকে জয়দেবপুরগামী ট্রেনটি শনিবার সন্ধ্যা ৬টার দিকে লেভেল ক্রসিংয়ে থেমে যায় বলে রমনা থানার উপপরিদর্শক বশিরুল আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রমের সময় ইঞ্জিন নষ্ট হয়ে থেমে যায়।"
ট্রেনটি ব্যস্ত ওই সড়ক আটকে দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে অন্য একটি ইঞ্জিন এসে ট্রেনটির পেছনে সংযোগ দিয়ে বগি থেকে নষ্ট ইঞ্জিনটির সংযোগ বিচ্ছিন্ন করে ট্রেনটি কমলাপুর ফিরিয়ে নেয়।
রেলওয়ের সাব স্টেশন ইঞ্জিনিয়ার হান্নান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে ইঞ্জিনটি নষ্ট হয়েছে তা পুরনো। ঠিক করার পর ট্রায়ালে ছিলো। ট্রেনটি মগবজার ক্রসিং পার হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যায়। পরে পরীক্ষা করে দেখা যায়, একটি গিয়ার আটকে গেছে।"
ট্রেনটি সরিয়ে নেওয়া হলেও নষ্ট ইঞ্জিনটি ক্রসিংয়ের বাইরে রেললাইনে পড়ে ছিলো। এটিও সরিয়ে নেওয়া হবে বলে হান্নান জানান।
ট্রেনটি শনিবার আর জয়দেবপুর যাবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24