গোপালগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজে শ্রেণী কক্ষে বসাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে কলেজ ছাত্রসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি ও গিমাডাঙ্গা গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাজহারুল হক জানান, কলেজের প্রথম বর্ষের ক্লাসের বেঞ্চে বসাকে কেন্দ্র করে শ্রীরামকান্দি গ্রামের শিক্ষার্থী ঝন্টু, সাদেক টোটান ও গিমাডাঙ্গা গ্রামের শিক্ষার্থী লিংকন, রুবেল, নাহিদ, হাবিবের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়।
এ ঘটনায় দুই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে উভয় গ্রামের লোকজন ঢাল-সড়কি, রামদা, লাঠি নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া করে।
বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দৈনিক সমকালের টুঙ্গিপাড়ার প্রতিনিধি বিশ্বাস সিরাজুল হক পান্না জানান, উত্তেজিত এলাকাবাসী তার অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র, কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স ভাংচুর করে। তারা একটি ইজি বাইকসহ ১২টি দোকান ভাংচুর করে।
বেলা দেড়টার দিকে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান রোকনুজ্জামান।
সংঘর্ষে গুরুতর আহত ১৫ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৪৫ ঘ.
bdnews24