বাগেরহাট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে পরিবেশবাদীদের ডাকা নাগরিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পুলিশী বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপাসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে এই কর্মসূচি পালনের চেষ্টা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে হেমায়েতুল ইসলাম (৬০) ও পারভেজ হোসেন (৪০) নামের দু'জনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে এবং পরে ঐ মহাসড়কে বাগেরহাট সদর উপজেলার ভট্টে সেতুর পাশে দুই দফায় চেষ্টা করেও কর্মসূচি পালন করতে পারেনি পরিবেশবাদী সংগঠনগুলো।
রামপাল থানার ওসি সাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ রামপাল থানার সীমানা অতিক্রম করে এসে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের লাঠিপেটা করে সমাবেশ পণ্ড করে দেয় বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।
প্রতিনিধিরা অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যাওয়ার পর বেলা ১২টার দিকে খুলনায় ফিরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সেক্রেটারী জেনারেল মুজাহিদুল ইসলাম।
ঢাকা থেকে আসা আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যাওয়ার পর বেলা ১২টার দিকে খুলনায় ফিরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সেক্রেটারী জেনারেল মুজাহিদুল ইসলাম।
বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাজাহান মৃধা বলেন, আমরা সরকারের উন্নয়ন কাজের বিরুদ্ধে না। কিন্তু আমরা চাই সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হোক। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ সুরক্ষিত হোক। সুন্দরবনের এত কাছে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন রক্ষা পাবে না। বিপজ্জনক দূরত্ব এড়িয়ে নিরাপদ দূরত্বে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য আছে যে, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনগুলো লুকিয়ে রাখা হয়েছে। ঐ প্রতিবেদনে সুকৌশলে সুন্দরবনের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
কর্মসূচি পালনে বাধা দেওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছে। এটা অগণতান্ত্রিক আচরণ। পরিবেশ বিষয়ে আমরা সব সময় বিশেষজ্ঞ মতামত দিয়ে সরকারকে সহযোগিতা করে আসছি। এখানে পুলিশ সম্পূর্ণ বেআইনীভাবে আন্দোলনকারীদের আটক করেছে।
ভূমি, পানি, কৃষি ও বন সম্পদ রক্ষা জাতীয় কমিটির সমন্বয়কারী প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, এ ধরণের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য চার ধরণের সমীক্ষা করা প্রয়োজন। এর একটিতেও সুন্দরবনের পাশে কৃষি জমিতে এই প্রকল্প স্থাপনের যৌক্তিকতা প্রতিষ্ঠিত করার সুযোগ নেই। কিন্তু সরকার গোজামিল দিয়ে গোপনে এ সব সমীক্ষা করেছে।
তিনি বলেন, আমরা এই গণবিরোধী, কৃষি জমি ও পরিবেশ ধ্বংসকারী সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে আইনি লড়াই করবো।
রামপাল থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেয়া ঐ কর্মসূচির কারণে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে এ সময় দু'জনকে আটক করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
রামপাল থানার সীমানা অতিক্রম করে সদর থানা এলাকায় ঢুকে লাঠিপেটা করে কর্মসূচি পণ্ড করে দেয়ার অভিযোগ বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।
ঢাকা থেকে কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আসা বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন সেভ দি সুন্দরবনের প্রধান সমন্বয়কারী শেখ ফরিদুল ইসলাম, সুন্দরবন গবেষক আব্দুল মালেক গাজী, ড. সদরুল আমিন, মঞ্জুরুল আহসান, সেন্টার ফর হিউমেন রাইট মুভমেন্টের সেক্রেটারী জেনারেল মুজাহিদুল ইসলাম, আইনজীবী, অধ্যাপক মো. সিদ্দিক আহমেদ প্রমূখ।
প্রসঙ্গতঃ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈর্গদাশকাঠি ও রাজনগর ইউনিয়নের সাপমারী-কাটাখালী মৌজায় পশুর নদীর তীরে এক হাজার ৮৩৪ একর কৃষি জমি অধিগ্রহণ করে সরকার এক হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মাত্র আট কিলোমিটারের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আন্দোলন করছে।
বাপা, সেভ দি সুন্দরবন, সেন্টার ফর হিউমেন রাইট মুভমেন্ট, সুন্দরবন পর্যটন ক্লাব ও রামপাল কৃষি জমি রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে খুলনা-মংলা মহাসড়কে শনিবার সকাল ১০টায় এই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টা করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কেএমএস/১৬২৯ ঘ.
bdnews24