২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আশ্বাসে অনশন ভাঙলেন ৪০৪ জন

তালিকাভুক্তির পরও কোরিয়া যেতে না পেরে অনশন শুরু করা ৪০৪ জন বাংলাদেশি সরকারের আশ্বাসের পর শনিবার তাদের কর্মসূচির ইতি টেনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালিকাভুক্তির পরও কোরিয়া যেতে না পেরে অনশন শুরু করা ৪০৪ জন বাংলাদেশি সরকারের আশ্বাসের পর শনিবার তাদের কর্মসূচির ইতি টেনেছেন। নিবন্ধনের পরও কোরিয়া যেতে না পেরে তারা রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান শনিবার অনশনস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অনশন ভাঙেন। এসব বাংলাদেশি সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান 'বোয়েসেল'র মাধ্যমে কোরিয়া যেতে নিবন্ধিত হয়। বোয়েসেলের তালিকা অনুযায়ী কোরিয়া সরকার কর্মী নিয়ে থাকে। দু'বছরেও তালিকাভুক্ত এ কর্মীরা যেতে না পারায় কোরিয়া সরকারের নিয়ম অনুযায়ী তালিকা থেকে বাদ পড়ে যায়। অনশনকারীরা জানান, কোরিয়া যেতে নিবন্ধনের পরও বোয়েসেল'র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ'র অবহেলা ও গাফিলতির কারণে কোরিয়া সরকারের তালিকা থেকে বাদ পড়েন তারা। এসব বাদ পড়ার মধ্যে রয়েছে- আগের বাদপড়া তালিকার ১১০ জন এবং অন্য দুটি তালিকার ১৬৭ ও ১২৭ জন। অনশন ভাঙানোর পর সচিব জাফর বলেন, সরকার কোরিয়ার সরকারের সঙ্গে আলোচনা করে তালিকাভুক্তির সমস্যা সমাধানে উদ্যোগ নেবে। যাতে দীর্ঘদিন ধরে তালিকায় থাকা এসব ব্যক্তির নাম আবারো তালিকায় তোলা সম্ভব হয়। বিধান অনুযায়ী দুই বছর অতিক্রম হয়েছে- এমন ব্যক্তিদের আবারো পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী সময় অতিক্রম হয়েছে, এমন ব্যক্তিদের আবারো পরীক্ষায় অংশ নিতে হবে। তাদের পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩০ ঘ.