২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ দুর্ঘটনা: দায়ীদের মৃত্যুদণ্ডের বিধান করার দাবি

দুর্ঘটনায় নৌযান মালিক ও চালকের অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে আইন সংশোধনের দাবি জানিয়েছে 'নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় নৌযান মালিক ও চালকের অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে আইন সংশোধনের দাবি জানিয়েছে 'নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন'। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল বলেন, "জনস্বার্থে দায়ের করা একটি মামলায় ২০০১ সালে হাইকোর্ট নৌ দুর্ঘটনা প্রতিরোধে কয়েকটি নির্দেশনা দেয়। যার মধ্যে রয়েছে- দুর্ঘটনার পর দোষী প্রমাণিত হলে নৌযান মালিক ও মাস্টারকে মৃত্যুদণ্ডের বিধান প্রণয়ন, নিহত পঙ্গু যাত্রীদের প্রত্যেককে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, দুর্ঘটনায় দায়ী সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ফৌজদারি মামলা দায়ের।" আদালত এসব বিধান প্রণয়নে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (আইএসও)-১৯৭৬ সংশোধন করারও নির্দেশ দেয় বলে উল্লেখ করেন তিনি। বাবুল বলেন, "আমরা অবিলম্বে আদালতের এই আদেশ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।" ৮ জুলাই সরকারিভাবে 'নিরাপদ নৌপথ বাস্তবায়ন দিবস' ঘোষণারও দাবি জানিয়েছে সংগঠনটি। বাবুল জানান, ২০০৩ সালের ৮ জুলাই চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় 'এমভি নাসরিন' নামের একটি লঞ্চ ডুবে যায়। এতে প্রায় ৮০০ মানুষের মৃত্যু হয়, যা এ যাবতকালের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা। জলপথে দুর্ঘটনা এড়াতে নিরাপদ নৌযান, নিরাপদ নৌ ব্যবস্থাপনা, নিরাপদ নৌপথের ববস্থা করতে হবে উল্লেখ করে মোট ১৫টি দাবি উপস্থাপনা করেন তিনি। সংগঠনের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, রোটেশন পদ্ধতি বাতিল, বাজেটে বরাদ্দ বৃদ্ধি, নদীতে নিয়মিত ড্রেজিং, সরকারি ব্যবস্থাপনায় লঞ্চ স্টিমার সার্ভিস চালু, নৌযান নির্মাণে যথাযথ তদারকি, ভ্রাম্যমাণ নৌ আদালত প্রতিষ্ঠা, নৌ দুর্ঘটনাকে দুর্যোগ হিসাবে বিবেচনা করা, নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন, ঝুঁকিপূর্ণ নৌ রুট সংশ্লিষ্ট এলাকায় টাস্কফোর্স গঠন ও জলযানের যাত্রীদের জীবন বীমা চালু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২২৪১ ঘ.