চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের হরতাল ও গত সপ্তাহের টানা বৃষ্টির প্রভাব পড়েছে চট্টগ্রামের খুচরা সবজি বাজারগুলোতে। কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে প্রায় সব ধরনের শাক সবজির।
খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
বৃষ্টিতে চট্টগ্রাম, ঢাকা ও উত্তরবঙ্গে মহালগুলোতে শাক সবজি নষ্ট হয়ে যাওয়ায় এবং হরতাল থাকায় সবজির সরবরাহ কম পাওয়া গেছে, বলছেন পাইকারি ব্যবসায়ীরা।
রেয়াজুদ্দিন বাজার কাঁচামাল আড়তদার কল্যাণ সমিতির সভাপতি আবুল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহে টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে। চট্টগ্রামের সবজির ওপর বহুলাংশে নির্ভরশীলতা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও পরিবহন খরচ বেশি পড়ায় দাম বেড়ে গেছে।
রেয়াজুদ্দিন বাজারে বেশিরভাগ সবজি আসে নরসিংদী থেকে।
কিন্তু বৃষ্টি ও হরতালের কারণে গত ১০ দিন ধরে সেখান থেকে কোনো পণ্য আনা যাচ্ছে না বলে জানান আবুল বশর।
দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা
তিন দিনের ব্যবধানে নগরীর কাজির দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট কাঁচাবাজর, কর্ণফূলী মার্কেটসহ বিভিন্ন বাজারে শুক্রবার প্রতি কেজি সবজি ৫ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার কাজির দেউড়ি বাজারে প্রতি কেজি করলা ৫০ টাকা, আলু ১৫, বরবটি ৫০, টমেটো ৯০, মিষ্টি কুমড়া ৩২, লাউ ২৮, শসা ৩৫, পটল ৫০, চিচিংগা ৫০, ঝিঙে ৫০, কাঁচা পেঁপে ২০, গাজর ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
গত মঙ্গলবার করলা প্রতি কেজি ৪০ টাকা, আলু ১২, বরবটি ৪০, টমেটো ৭০, মিষ্টি কুমড়া ২৫, লাউ ১৮, শশা ৩০, পটল ৩৫, চিচিংগা ৪০, ঝিঙে ৪২, কাঁচা পেঁপে ১৬ এবং গাজর ছিলো ৪০ টাকা।
এ ছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
ওই বাজারের ৯৭ নম্বর দোকানের বিক্রেতা মো.শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। শুক্রবার থেকে ৬০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।
এছাড়া প্রতি কেজি সবজি ৫ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি।
এদিকে প্রতি সপ্তাহে নিত্য পণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
কাজির দেউড়িতে বাজার করতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবু তৈয়ব বলেন, শাক সবজির দাম গত কয়েকদিনে অস্বাভাবিক বেড়েছে। এতে অনেকক্ষেত্রে আমাদের মতো নির্দিষ্ট আয়ের মানুষকে চাহিদা মতো বাজার না করেই ফিরতে হচ্ছে।
পাইকারি-খুচরায় ব্যবধান ৩০ টাকা
নগরীর খুচরা বাজারগুলোতে পাইকারি বাজার থেকে মান ভেদে ২০ থেকে ২৫ টাকা বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। চকবাজারের ব্যবসায়ী মো. সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় শাক সবজি বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
অন্যতম প্রধান পাইকারি বাজার রেয়াজুদ্দিন বাজারে শুক্রবার প্রতি কেজি টমেটো বিক্রি হয় ৫০ টাকায়। এর মাত্র এক মাইল দূরত্বে কাজির দেউড়ি বাজারে (খুচরা বাজার) টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায়।
পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের তফাৎ এতো বেশি হওয়ার কারণ জানতে চাইলে আবুল বশর বলেন, খুচরা ব্যবসায়ীরা অধিক লাভের জন্যই দাম বেশি নিচ্ছে।
রেয়াজুদ্দিন বাজারে বেশিরভাগ সবজি কেজি প্রতি ৩০ থেকে ৩২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/কেএমএস/১৭২৯ ঘ.
bdnews24