২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরে বৃহস্পতিবার রাতে তিনটি পাট ও একটি পুরাতন কাপড়ের গুদাম আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

নীলফামারী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরে বৃহস্পতিবার রাতে তিনটি পাট ও একটি পুরাতন কাপড়ের গুদাম আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। শহরের শহীদ তুলশীরাম সড়কের তিন পাট গুদামের মালিক স্থানীয় ব্যবসায়ী মতিয়ার রহমান এবং পুরাতন কাপড়ের গুদামের মালিক সালাহউদ্দিন। রাত ১০টার দিকে আগুন লাগে। রাত পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। নীলফামারী, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর ও পার্বতীপুর থেকে দমকলের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নীলফামারী ফায়ার স্টেশন কর্মকর্তা মোকারম হোসেন রাত ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে দমকলের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দিনাজপুর থেকে আরেকটি ইউনিট এসে যোগ দেয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, পুরোপুরি না নিভলেও প্রায় তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দু'টি পাটের ও একটি পুরাতন কাপড়ের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। দমকল কর্মকর্তা আরো বলেন, আশপাশে কোনো পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হয়েছে। ওই সময় আশপাশে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত তাদের কোনো ক্ষতি হয়নি। নীলফামারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাহাবুদ্দীন বলেন, লুটপাট ঠেকানোর জন্য এলাকায় পুলিশের পাশাপাশি সেনাও মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১০ ঘ.