২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দুঃখ প্রকাশ

হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের আহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের আহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের নবম অধিবেশনের সামপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন, "বিরোধীদলীয় চিফ হুইপের বিষয়টি একটি দুর্ঘটনা মাত্র। এ ঘটনায় সত্যিই আমি দুঃখিত। একজন সংসদ সদস্য নিজেই ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করবেন, পুলিশকে মারধর করবেন- এটা কেউ আশা করে না।" সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বিএনপিসহ চার দলের হরতালের প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। ওই ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এ কমিটি প্রত্যাখ্যান করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ফারুকের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, "যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আমি নিজে তার চিকিৎসার খোঁজ খবর রাখছি। জনগণ সংসদ সদস্যদের কাছ থেকে সুন্দর ও ভদ্র আচরণ আশা করে।" জাতীয় সংসদের এই অধিবেশনকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, "অসাংবিধানকি পথে আর ক্ষমতা দখল নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণকে আবারো সকল ক্ষমতার মালিক করে দিলাম। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের অভিশাপ থেকে আমরা জনগণকে চিরতরে মুক্তি দিতে পারলাম।" চলতি অধিবেশনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার মধ্য দিয়ে অবসান ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির। তবে দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সময়ে সংবিধানে যুক্ত হওয়া বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেই ওই সংশোধনী অনুমোদন করা হয়েছে। ু'আল্লাহ কী হরতালে আছে?' সংবিধান থেকে সৃষ্টিকর্তার নাম মুছে ফেলা হয়েছে বলে কিছু ধর্মভিত্তিক দলগুলোর দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আল্লাহর নাম তুলে নেওয়া হয়েছে জিকির তুলে হরতাল ডেকেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিমের মাঝে আল্লাহকে খুঁজে না পেলে হরতালের মাঝে কী তাকে খুঁজে পাবেন? আল্লাহ থাকেন থাকে হৃদয়ে। ওনারা ওনাদের হৃদয়ে আল্লাহকে খুঁজে না পেলে হরতাল দিয়ে কী হবে? সংবিধানে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ বাধ্যতামূলক করার বিষয়টি উল্লেখ করে হাসিনা বলেন, "যে নেতার নেতৃত্বে একটি দেশ পেয়েছি- তার ছবি থাকবে, এটিই আমরা নিশ্চিত করেছি।" সংবিধান সংশোধনের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "একদিকে সুপ্রিম কোর্টের রায়, আরেক দিকে নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্ব। তা সমন্বয় করেই সংবিধান সংশোধন করা হয়েছে।" 'নিজেদের প্রয়োজনে এ হরতাল' দুর্নীতির মামলা থেকে খালেদা জিয়ার দু'ছেলে, যুদ্ধাপরাধীদের ও ২১ অগাস্ট গ্রেনেড মামলার অভিযুক্তদের রক্ষা করতেই হরতালের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে দাবি করে শেখ হাসিনা বলেন, "হরতাল করে মানুষকে ব্যবসা করতে দিচ্ছেন না। অন্যদিকে, নিজেদের প্রতিষ্ঠান খোলা রাখছেন। মানুষের সঙ্গে আর কতো প্রতারণা করবেন?" বিরোধী দলকে সংসদে এসে নতুন কোনো ফর্মুলা থাকলে তা দেওয়ার আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে সংসদ নেতা বলেন, "আপনার দু'ছেলেকে উত্তম-মধ্যম দিলো। বড় ছেলেকে মুচলেকা দিয়ে দেশের বাইরে বের করে দেওয়া হলো রাজনীতি না করার জন্য। তিনি কিভাবে ভুলে গেলেন? উনিই তো বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। উনি কি পাগল আর শিশু খুঁজে পেলেন?" শেয়ারবাজারে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "কোনো আসামি ধরেনি, আলামত নষ্ট করে ফেলতে চেয়েছিলো। জজ মিয়ার নাটক সাজাতে চেয়েছিলো। এখন তদন্ত প্রতিবেদন থেকে এই অপপ্রচারের রহস্য বেরিয়ে এসেছে।" ওই মামলায় গত ৩ জুলাই সিআইডির দেওয়া সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন করে আসামি করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/পিডি/২২১৪ ঘ.