বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫টি চোরাই মোটরসাইকেল।
বুধবার রাতে কোতয়ালী মডেল থানা পুলিশ এই অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) হেলালুজ্জামান। তাকে সহায়তা করে বেতাগী ও নলছিটি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো নগরীর আলেকান্দা এলাকার ইমন (২৯), আজাদ (৩৩), ইমতিয়াজ আহম্মেদ শেফান (২৮), বেতাগীর কিনান সিকদার (৩২), নলছিটির রানীর হাট এলাকার আসিফ (২৭), সজীব ওরফে বাবু (৩১) ও তুষার (২৮)।
কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বরিশাল নগরী থেকে চুরি করা হয়েছিলো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুটি, নলছিটি থানায় দুটি ও বেতাগী থানায় একটি মামলা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বলেন, গত ৩ জুলাই নগরীর সিএন্ডবি পোল এলাকা থেকে আক্তার হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। পুলিশ বেতাগীতে কেনান সিকদার নামের একজনের কাছ থেকে সেটি উদ্ধার করে।
কেনানের স্বীকারোক্তি অনুযায়ী বরিশাল ও নলছিটি থেকে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বুধবার রাতে আরো ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এসআই হেলালুজ্জামান বলেন, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে বেতাগী থেকে একটি, রানীর হাট থেকে দু'টি এবং স্বরূপকাঠি থেকে দু'টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কেএমএস/২০১২ ঘ.
bdnews24