২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে চট্টগ্রামে রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে চট্টগ্রামে রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। বুধবার সকাল থেকেই নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জন নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। কিন্তুু পুলিশী বাধায় সারাদিনে তারা সমাবেশ বা মিছিল করতে পারেনি। সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল নোমানের অনুসারী বিএনপি নেতা-কর্মীরা নাসিমন ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিপেটা করে তাদের নিবৃত্ত করে। এসময় বিএনপিকর্মীদের ছোড়া ইটের আঘাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের ফটো সাংবাদিক সুমন বাবু আহত হন। পরে বেলা সাড়ে ১২টার দিকে পুনরায় বিএনপিকমী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে আমীর খসরুর নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী পুলিশী প্রহরায় মৌন মিছিল করে দলীয় কার্যালয় ত্যাগ করেন। এছাড়া বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হরতালের সমর্থনে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা রাস্তায় বেরই হয়নি। এদিকে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় এবং বহদ্দারহাট এলাকায় আওয়ামী লীগ হরতালবিরোধী পৃথক মিছিল সমাবেশ করে। সারাদিনের হরতালে চট্টগ্রাম মহানগরীতে ১০ পিকেটারকে আটক করে পুলিশ। এর মধ্যে চারজনকে দুটি ককটেল এবং অকটেন ভর্তি বোতলসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ নাসিমন ভবন ও কাজীর দেউরী এলাকা থেকে ছয়জনকে আটক করে বলে জানান মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মনজুর মোরশেদ। এছাড়া নগরীর আগ্রাবাদ ঢেবার পাড় থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে বলে জানান ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত। এরা হলেন- জাদেুল ইসলাম, নয়ন, সাইমন এবং আবুল বশর। তাদের কাছ থেকে দুই বোতল অকটেন এবং দুটি ককটেল উদ্ধার করা হয়। হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা এসব এনেছিল বলে জানান তানভীর আরাফাত। সকাল থেকেই নগরীতে রিক্সা ছাড়া অন্য কোনো ভারি যানবাহন তেমন চলাচল করেনি। তবে কয়েকটি সিএনজি অটোরিকশা, বাস, ট্রাক চলাচল করেছে। দূরপাল্লার বাস নগরী থেকে ছেড়ে যায়নি। অফিস, আদালত- ব্যাংক-বীমা কার্যালয় খোলা থাকলেও কার্যক্রমে ছিল ধীরগতি। চট্টগ্রামে রেল ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। এছাড়া বন্দরে পণ্য ওঠানামা যথানিয়মে চললেও তা খালাস হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/পিডি/২২২৬ ঘ.