২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ৩৪টি মুলতবি প্রস্তাব নাকচ

বিরোধী দল বিএনপির সংসদ সদস্যদের আনা ৩৪টি মুলতবি প্রস্তাব নাকচ করেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল বিএনপির সংসদ সদস্যদের আনা ৩৪টি মুলতবি প্রস্তাব নাকচ করেছেন স্পিকার আবদুল হামিদ। বিএনপির সংসদ সদস্যরা ৬২ বিধিতে ওই মুলতবি প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা করতে চেয়েছিলেন। বুধবার স্পিকার এক রুলিংয়ে জানান, বাজেট আলোচনার সময়ে মুলতবি প্রস্তাব আলোচনা করার সুযোগ নেই। তারপরও বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকলে গুরুত্বপূর্ণ নোটিসের দুয়েকটি গ্রহণ করে আলোচনা করা যেত। এসব প্রস্তাবের মধ্যে বিএনপির এম মাহাবুব উদ্দিন খোকন ৮টি, নিলোফার চৌধুরী মণি ৯টি, জয়নুল আবদিন ফারুক ১টি, নজরুল ইসলাম মঞ্জু ১টি ও জাফরুল ইসলাম চৌধুরী ১৫টি নোটিশ দেন। 'এ হামলা অনভিপ্রেত' বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে লাঠিপেটার ঘটনা অনভিপ্রেত বলে উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিরোধী দল রাজপথে সমাধান চাইছে। কিন্তু রাজপথ নয়, সংসদের বাইরে কোনো সমাধান খুঁজে লাভ নেই। বুধবার সন্ধ্যায় হরতাল প্রশ্নে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন। মাগরিবের নামাজের বিরতির পর সংসদের দিনেসর কার্যসূচির শুরুর আগে জাসদের মঈন উদ্দিন খান বাদল আলোচনার সূত্রপাত করেন। পরে সরকারি দলের আব্দুল মান্নানও এর ওপর বক্তব্য দেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "বিরোধী দলের চিফ হুইপের ঘটনার আমরা নিন্দা জানাই। একবিংশ শতাব্দিতে হরতাল অচল হয়ে গেছে।" বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, "হরতাল করে আমরাও সরকারের পতন ঘটাতে পারিনি, আপনারাও পারবেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২২০৬ ঘ.