২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলকে সমঝোতামুখী হতে চট্টগ্রাম চেম্বারের আহ্বান

হরতালের বিকল্প ও ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের বিকল্প ও ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। পাশপাশি সরকার ও বিরোধী দলকে সমঝোতামুখী হওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেম্বারের পক্ষে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ আহ্বান জানান। এতে তিনি বলেন, হরতালের কারণে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে। ফলে শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধি ও আসন্ন রমজানে আমদানিকৃত ভোগ্য পণ্যের দাম বেড়ে যাবে। এতে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঘন ঘন হরতালের কারণে রপ্তানি আদেশ বাতিল, বিদেশে বাজার হারানো, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারানো এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। এতে সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। হরতাল কর্মসূচি ও ক্রমাবনতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা 'সম্পূর্ণ অনিশ্চিত' হয়ে পড়েছে বলে বিবৃতিতে মন্তব্য করেন মোরশেদ মুরাদ। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/এএল/২১০১ ঘ.