২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের আঘাত মৃদু: হানিফ

হরতালে পুলিশের সঙ্গে 'ধস্তাধস্তিতে' বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক 'মৃদু' আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশের সঙ্গে 'ধস্তাধস্তিতে' বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক 'মৃদু' আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। একইসঙ্গে ফারুককে আচরণ 'সংযত' করারও পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে হানিফ বলেন, "পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় ফারুক মৃদু আঘাত পেয়েছেন। এজন্য আমরা দুঃখিত।" ফারুককে উদ্দেশ্য করে তিনি বলেন, "ভাষা, আচরণ আরো সহনশীল করে এবং নিজের পদমর্যাদার দিকে নজর রেখে তিনি কথা বলবেন- এটাই আমাদের প্রত্যাশা।" বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনিতে আহত হন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের বিভিন্ন সময়ের আচরণে ক্ষোভ প্রকাশ করে হানিফ বলেন, প্রধানমন্ত্রী, সাংসদ এবং প্রশাসনের লোকদের নিয়ে ফারুক নোঙরা ভাষায় কথা বলে থাকেন। "তিনি যে ভাষায় কথা বলেন, অঙ্গভঙ্গি করেন তা মাঠ পর্যায়ের মাস্তান, সন্ত্রাসীদের আচরণ। পুলিশকে গালিগালাজ করার জন্যই পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়", যোগ করেন তিনি। বিরোধী দলের হরতালের ঘোষণায় আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেয়নি উল্লেখ করে হানিফ বলেন, জনগণই হরতাল প্রত্যাখ্যান করে ২১ আগস্ট গ্রেনেড মামলায় তারেক রহমানের বিচারের পক্ষে অবস্থায় নিয়েছে। তারেক-কোকোকে সাজা থেকে বাঁচাতেই বিএনপি হরতাল দিয়েছে। হরতালে 'আগুন-আতঙ্কে' ব্যক্তিগত গাড়ি রাস্তায় কম বেরিয়েছে বলে জানালেও এই আওয়ামী লীগ নেতার দাবি, "বিএনপি নৈরাজ্য সৃষ্টি করেও মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি।" সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদে বুধবার থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে বিএনপিসহ চার দল। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বাঁচানোর জন্যই এই হরতাল ডাকা হয়েছে। মুদ্রা পাচারের দায়ে ঢাকার একটি আদালত জুন মাসে আরাফাত রহমান কোকোকে ৬ বছরের কারাদণ্ড দেয়। এছাড়া ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলার ঘটনায় সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে তারেক রহমানকে। বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারেক-কোকোই যথেষ্ট। বিএনপিকে 'অগণতান্ত্রিক' পথ ছেড়ে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, "সাংঘর্ষিক রাজনীতি পরিহার করুন। দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে অর্জিত সম্পদ রক্ষার জন্য দেশকে ধ্বংস করবেন না।" সরকার সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন হানিফ। অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএন মোজাম্মেল হক, মেজবা উদ্দিন সিরাজ, আফজাল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮০২ ঘ.