২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মৌলভীবাজারে মঙ্গলবার সন্ধ্যায় দু'টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 06:34 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

মৌলভীবাজার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে মঙ্গলবার সন্ধ্যায় দু'টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এরমধ্যে রাজনগর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী এবং সদর উপজেলায় মাইক্রোবাস চাপায় এক শিশু মারা যায়। নিহতরা হলেন- রাজনগরের লঙ্গুরপার গ্রামের সানু মিয়া (৩৬), তার বন্ধু রুবেল আহমেদ (৩০) ও মৌলভীবাজার সদরের ঘোড়াখাল গ্রামের সোনিয়া আক্তার (৬)। রাজনগর থানার ওসি সেলিম নেওয়াজ জানান, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে দুই বন্ধু কুলাউড়া-মৌলভীবাজার সড়ক দিয়ে রাজনগরের দিকে যাচ্ছিলেন। কুলাউড়াগামী একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে সানু মারা যান। মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান রুবেল। কাভার্ড ভ্যানসহ চালক নিয়ে পালিয়ে গেছে। সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশের বরাত দিয়ে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস চাপা দিলে সোনিয়া ঘটনাস্থলে মারা যায়। এলাকার লোকজন মাইক্রোবাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। দুই দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.