নারায়ণগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরায় অনুমোদনহীন বিভিন্ন আবাসন কোম্পানির সাইনবোর্ড, বিলবোর্ড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এ সময় বালু নদীর তীর দখল করে গড়ে তোলা ভুলুয়া রয়েল সিটির ১৫০ ফুট দৈর্ঘ্যের সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে এ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন।
অভিযানে অন্যান্যের মধ্যে রাজউকের উপ-নগরায়ন পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, অথরাইজড অফিসার শফিকুল ইসলাম, সহ-অথরাইজড অফিসার মাকিদ এহসান, সহকারী নগর পরিকল্পনাবিদ চৈতী বিশ্বাস, আলী আজগর, ইন্সপেক্টর জাকির হোসেন, বিল্লাল হোসাইন উপস্থিত ছিলেন।
রোকন-উদ-দৌলা সাংবাদিকদের বলেন, অনুমোদনহীন ভুলুয়া রয়েল সিটির ২৯টি, বারিধারা রিভারভিউ সিটির ৩২টি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। এছাড়া ভুলুয়া রয়েল সিটির পাকা বড় বিলবোর্ড ১টি, বারিধারা রিভারভিউ সিটির পাকা বড় বিলবোর্ড ১টি ও বালু নদীর মাঝখানে ভরাট করা বালির গদি উচ্ছেদ করা হয়।
বালু নদের তীর দখল করে গড়ে তোলা ভুলুয়া রয়েল সিটির ১৫০ ফুট দৈর্ঘ্যের সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয় বলেও তিনি জানান।
রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা বলেন, নাম সর্বস্ব এসব আবাসন কোম্পানি জমি ভাড়া নিয়ে বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপন করে অবৈধভাবে প্লট বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে করে ক্রেতারা প্রতারিত হচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24