২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে ইভিএমের পক্ষে পিডিপি ও গণফ্রন্ট

জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের আগে স্থানীয় নির্বাচনে এর ব্যবহারের পক্ষে মত দিয়েছে পিডিপি ও গণফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের আগে স্থানীয় নির্বাচনে এর ব্যবহারের পক্ষে মত দিয়েছে পিডিপি ও গণফ্রন্ট। মঙ্গলবার বিকেলে ইসির সঙ্গে নির্ধারিত সংলাপে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সভাপতি ফেরদৌস আহমদ কোরেশী বলেন, "নির্বাচনকে স্বচ্ছ করতে ইভিএমের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে এ ব্যাপারে আরো সতর্ক পর্যবেক্ষণ ও ধীরে চলার নীতি অনুসরণ করতে হবে। ক্ষুদ্র পরিসরে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা গেলেও বড় নির্বাচনে তা ঝুঁকিপূর্ণ এখনো।" আগামী নির্বাচনে পরীক্ষামূলকভাবে হলেও সার্বিকভাবে ইভিএম ব্যবহার যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেন কোরেশী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত 'কিংস পার্টি' খ্যাত এই রাজনৈতিক দলটি। এ ছাড়া সাত বিভাগে সাত দিনে সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে পিডিপি। সংলাপে গণফ্রন্ট জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির ব্যবহার প্রয়োজন ছিলো। এতে জনগণ ইভিএম সম্পর্কে জানতে পারতো। গণফ্রন্টের সভাপতি মো. জাকির হোসেন জানান, "ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা যেতে পারে। ব্যাপকভাবে ব্যবহারের আগে আরো পরীক্ষামূলক কার্যক্রম নেওয়া উচিত। এ প্রযুক্তি ব্যবহার থামিয়ে না দিয়ে চালিয়ে যাওয়াই ভালো হবে।" সকালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানান, সংবিধানে নির্বাচন কমিশনারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা আর কাউকে দেওয়া হয়নি। সাংবিধানিক এ ক্ষমতার বলে নির্বাচন কমিশন দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। "আমরা যদি মনে করি আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির ব্যবহার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন তবে তার ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে চাই, তাই তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছি।" গণফ্রন্ট চেয়ারম্যানের নেতৃত্বে সাত সদস্য প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। বিকালের সংলাপে পিডিপি'র ১১ সদস্যের প্রতিনিধি অংশ নেয়। ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার ছহুল হোসেন, এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশনের সচিব মোহম্মদ সাদিক, বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বুধবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির সংলাপসূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২২৪৩ ঘ.