ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধার ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তার চাকরির মেয়াদ বাড়ানোর আদেশ বাতিল করা হয়েছে।
এ কর্মকর্তা হলেন ক্যাডার বহির্ভূত (অধ্বস্তন পদ থেকে পদোন্নতি পাওয়া) সহকারি সচিব নূরুল আমীন।
আদেশে চাকরির মেয়াদ বাড়ানোর আদেশ বাতিল করে তাকে গত ২০১০ সালের ৩১ মার্চ থেকে অবসরে পাঠানো হয়। তবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত এক বছর সময় তার অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার এক আদেশে সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০১০ সালের ৩১ মার্চের পর থেকে তার নেওয়া অতিরিক্ত সরকারি আর্থিক সুবিধার অর্থ তার পেনশন ও গ্রাচুইটি থেকে কেটে নেওয়া হবে। তবে অর্থ মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী তিনি তার পেনশন ও গ্রাচুইটি সুবিধা পাবেন বলে ওই আদেশে বলা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ওই আদেশে বলা হয়, তার বয়স ৫৭ বছর পূর্ণ হওয়ায় ২০১০ সালের ৩১ মার্চ থেকে তাকে অবসর দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একই বছরের ১ অগাস্ট দেওয়া প্রত্যয়নপত্র নিয়ে আবেদন করলে তার চাকরির বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ বছর নির্ধারণ করা হয়।
কিন্তু একই বছরের ২০ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তার মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্রটি অস্বীকার করা হয়। গত ১৫ জুন একই মন্ত্রণালয় থেকে তাকে মুক্তিযোদ্ধা প্রত্যয়ন না করে আরেকটি চিঠি দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
এ প্রেক্ষিতে সরকার তার বর্ধিত চাকরির মেয়াদ বাতিল করে কোষাগার থেকে নেওয়া রাষ্ট্রীয় আর্থিক সুবিধা কেটে নেওয়ার ঘোষণা দেয়।
অধ্বস্তন পদ থেকে পদোন্নতি পেয়ে ক্যাডার বহির্ভূত এ কর্মকর্তা সহকারি সচিব হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৩২ ঘ.
bdnews24